Monsoon Update

রাজ‍্যে প্রবেশ করল বর্ষা, একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়ছে ঝড়বৃষ্টির সম্ভাবনা

সময়মতো রাজ্যে প্রবেশ করল বর্ষা। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে গোটা রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

রাজ্যে প্রবেশ করল বর্ষা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১০:৫৪

রাজ্যে আনুষ্ঠানিক ভাবে বর্ষার সূচনা হয়ে গেল। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে পাহাড় সংলগ্ন কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়াবিদদের মতে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

আবহাওয়া দফতরের মঙ্গলবার দুপুরের বুলেটিন অনুযায়ী, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির অধিকাংশ অংশে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। পাশাপাশি দার্জিলিংয়ের কিছু এলাকাতেও মৌসুমি বায়ুর প্রভাব পড়তে শুরু করেছে। উত্তরবঙ্গে সাধারণত ১০ জুনের আশপাশে বর্ষা প্রবেশ করে। সেই নিরিখে এ বছরও স্বাভাবিক সময়েই বর্ষার আগমন ঘটেছে।

মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী কয়েক দিনও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবারও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্য দিকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

তবে বৃষ্টির পাশাপাশি পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরমও বজায় থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে।


Share