Weather Update

আরও বাড়বে তাপমাত্রার পারদ, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। রোদের তেজ বাড়বে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

রাজ্য জুড়ে তীব্র গরমের পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৪৮

বৃষ্টিপাত চললেও রাজ্য জুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে আদ্রতা জড়িত অসস্তি ভাব বজায় থাকছে। বৈশাখের শুরুতেই ঘেমেনেয়ে একসা হয়ে পড়ছে। 

দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশের দু-এক জায়গায় চলবে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে। 

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে।শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিরপাতের পরিমাণ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। নীচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলায় চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। 

কলকাতায় শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও পরিষ্কার আকাশ। রোদের তেজ বাড়বে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে। আজ থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।


Share