Weather Update

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণাবর্ত 'শম্পা'! এই সপ্তাহের শেষের দিকে ফের কালবৈশাখীর সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত

গতকাল রাত ৯টা ১৪ মিনিট থেকে ৯টা ১৬ মিনিটের মধ্যে কলকাতার আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে একটি ঝড়ো হাওয়া বয়ে যায়। বৈজ্ঞানিক ভাষায় এর নাম 'স্কোয়াল'। যার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭২ কিলোমিটার রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১০:২৩

গত সপ্তাহ থেকেই রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এই সপ্তাহতেও তার অন্যথা হবে না। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হতে পারে। 

ঝাড়খণ্ডের উপর নতুন করে কালবৈশাখীর মেঘ-পুঞ্জ তৈরি হতে শুরু করেছে, যা ক্রমশই পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে এ রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। এর ফলেই শক্তিশালী ঘূর্ণাবর্ত 'শম্পা' তৈরি হয়েছে। 'শম্পা' শব্দের অর্থ বিদ্যুতের ঝলকানি বা বজ্রবিদ্যুৎ। যার প্রভাবেই শুক্র ও শনিবার ফের কালবৈশাখীর ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

গতকাল রাত ৯টা ১৪ মিনিট থেকে ৯টা ১৬ মিনিটের মধ্যে কলকাতার আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে একটি ঝড়ো হাওয়া বয়ে যায়। বৈজ্ঞানিক ভাষায় এর নাম 'স্কোয়াল'। যার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭২ কিলোমিটার রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হয়েছে। 

দক্ষিণবঙ্গে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে, উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে।


Share