Weather Update

রাজ্যে বাড়বে ঝড়বৃষ্টির দাপট! গণনায় বাধ সাধতে পারে কালবৈশাখী, অসুবিধায় পড়বে একাধিক গণনা কর্মী

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১০:৫২

রাজ্যে বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা যে থাকবে তা আগেই বলেছিল আবহাওয়া দফতর। শনি ও রবিবারেও আবহাওয়ার একই ‘ট্রেন্ড’ বজায় থাকবে। এই দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিধানসভা ভোটের গণনা পর্ব। বৃষ্টি সেখানেও বাধ সাধতে পারে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন মালদহ জেলার গণনা কর্মীরা। দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

গণনার দিন অর্থাৎ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দু'ই বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে রবিবার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার সঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। গণনা পর্বে মালদহ জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হবে।


Share