Weather Update

উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির দাপটে বিপর্যস্ত রাজ্য, লাল-কমলা সতর্কতায় একাধিক জেলা, ২৬ জুন পর্যন্ত দুর্যোগের আশঙ্কা

শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৬:৪৫

উত্তরবঙ্গেও পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট শুরু হয়েছে, আর আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আট জেলায় শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার, আবার কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, আগামী ২৬ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ভূমিধস, জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।


Share