Weather Update

দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা, ২০ জুনের পর মিলতে পারে স্বস্তি, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা

বুধবার সকাল থেকেই কলকাতায় ভ্যাপসা গরমের দাপট। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০১:২৯

দক্ষিণবঙ্গে বর্ষা এলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা এখনও মেলেনি। ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তি আরও বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুনের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিই প্রধানত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকাল থেকেই কলকাতায় ভ্যাপসা গরমের দাপট। ঘর্মাক্ত অস্বস্তিতে নাকাল শহরবাসীকে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। অন্য দিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি।

আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী কয়েকদিনও গরম ও অস্বস্তি থেকে তেমন স্বস্তি মিলবে না বলেই অনুমান।

আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কিন্তু তাতে তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে বর্ষাকালেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।

দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে। উত্তরবঙ্গে তখন অন্য ছবি। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির প্রভাব রয়েছে। বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

ফলে এক দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা। অন্য দিকে উত্তরবঙ্গে অতিবৃষ্টির আশঙ্কা। রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার এই বৈপরীত্য চোখে পড়ার মত।


Share