Weather Update

রবিবার থেকে আকাশের ভোল বদল, উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:০৫

গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর রবিবার থেকে আবহাওয়ার ভোল বদল। সকাল থেকে আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল আসতে চলেছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, রূপ নিতে পারে কালবৈশাখীর।

হাওয়া অফিসের মতে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। এই ঝড়-বৃষ্টির ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম দু'দিন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, তবে পরবর্তী পাঁচ দিনে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রোদের তেজ থেকে কিছুটা মুক্তি মিলবে।

আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, অনুকূল পরিবেশ তৈরি করছে বৃষ্টির জন্য।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে এই কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে বৃষ্টির ভ্রুকুটির মাঝেই অস্বস্তি বাড়াচ্ছে পশ্চিমের জেলাগুলি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।


Share