Weather Update

দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, ২০ জুনের পর আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

২০ জুনের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রপাতের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৯:৫২

রাজ্যে আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে বলে জানান তিনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী চার দিনে তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছোতে পারে।

শনিবার থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিলবে। বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও আগামী এক-দু’দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সেখানে তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের শুরুতে বর্ষার প্রভাব আরও সক্রিয় হলে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে গরমের দাপট কিছুটা কমলেও বজ্রপাত ও ঝড়ের ঝুঁকি মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Share