Weather Update

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ! শুক্রবার থেকে কালবৈশাখীর সম্ভাবনা, জারি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা

শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১১:০১

দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে শুক্রবার থেকে কলকাতা-সহ সব জেলায় ফের বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় ঝড় হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। এ ছাড়া, উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

শুক্রবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরও বাড়বে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও!

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

শনিবার এবং রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলার দিকে ক্রমশ অস্বস্তি বাড়বে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী এবং আশঙ্কা বজ্রপাতেরও। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা সামান্য বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

শুক্রবার পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।


Share