Weather Update

নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ায় জারি বৃষ্টি, দুই বঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির দাপট, জানাল আবহাওয়া দফতর

সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।

সোমবার মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১১:৫৮

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়েছে। ইতিমধ্যেই তা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তার প্রভাবেই রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারও দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আবহাওয়ায় বিশেষ কিছু পরিবর্তন হবে বলেই জানিয়েছে হওয়া অফিস। সোমবার সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

আবহাওয়া জানিয়েছে জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দুর্বল হয়ে যাওয়া নিম্নচাপটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ফলে সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় মঙ্গলবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে।

অন্য দিকে, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রবল বৃষ্টির জেরে নদ-নদীর জলস্তর বৃদ্ধি এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।


Share