Weather Update

ফের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া চলতে পারে।বাঅন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:১২

ভাদ্রের শেষেও দুর্যোগের ঘনঘটা। বর্ষার দাপট আপাতত কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান ও গুজরাটের নিম্নচাপ এলাকার উপর দিয়ে রউরকেল্লা এবং দীঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে।

আজ মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এ দিনও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। সে দিন কোনও সতর্কবার্তা নেই।

দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতাতেও আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৬ শতাংশ।


Share