Weather Update

রবি থেকে বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা! ঝড়ো হওয়ার দাপট থাকবে, হতে পারে কালবৈশাখীও

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১০:৫৩

রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।

উষ্ণতা থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার। বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।

কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।


Share