Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবারও বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহের শেষে বাড়তে পারে বৃষ্টির দাপট

বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১১:৪৪

সপ্তাহের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই আবহাওয়ার ধারাই বুধবারও বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত কয়েক দিনের তুলনায় ভারী বৃষ্টির দাপট কিছুটা কমবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। জেলা গুলিতে সাত থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে।


Share