Weather Update

শহিদ দিবসে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উপকূলের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বর্ষণের সঙ্গে নদীর জলস্তর বৃদ্ধি, প্লাবন ও পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।

শহীদ দিবসে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১১:৫৯

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২১ জুলাইও সেই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ দিন শহরে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে হওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই কলকাতার আকাশ সারাদিনই মূলত মেঘলা থাকবে। সকাল থেকেই শহর ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত কারণের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। অন্য দিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও আগামী দু'দিন বৃষ্টির দাপট বজায় থাকবে। মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। বিশেষ করে বুধবার জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকায় জল জমে প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। অতিবৃষ্টির জেরে কৃষিজমির ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।


Share