Weather Update

মঙ্গলবারও বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবারও বৃষ্টির আবহ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১১:২০

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাটিং চলছে। মঙ্গলবারও একই ছবি দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা- সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহ বজায় থাকবে। গত রবিবার ও সোমবার দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর। একাধিক জেলা। উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবারও একই ধরনের পরিস্থিতি থাকবে। তবে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবেও রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও শুরু হয়েছে।

মঙ্গলবার সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে মোট ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য দিকে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

এ দিকে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় কাকদ্বীপ-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। 'গঙ্গাসাগর সমুদ্র সৈকত সিভিল ডিফেন্স'-এর পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার জন্যও সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি আপাতত বজায় থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 


Share