Weather Update

রাতভর বৃষ্টি! সকাল থেকেও কোথাও প্রবল বর্ষণ আবার কোথাও ঝিরঝিরি বৃষ্টি, মাত্রার এক ধাক্কায় ছয় ডিগ্রি পতন

মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে।

কলকাতায় রাতভর বৃষ্টি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১২:৪৮

দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও ঝিরঝির আবার কোথাও প্রবল বর্ষণ ক্রমাগত চলছে। যার প্রভাবে মার্চ মাসেও তাপমাত্রার প্রায় ৬ ডিগ্রির পতন ঘটেছে। রবিবার পর্যন্ত এমনই থাকবে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং অসমের উপর দিয়ে বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি থাকবে। 

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই ঝড়বৃষ্টি চলছে। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে ৷

উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শনিবার মেঘলা আকাশ। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমেছে। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।


Share