Weather Update

দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমের মাঝে স্বস্তির ইঙ্গিত! সন্ধ্যায় কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরমের প্রকোপ থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:১০

অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। এর ফলে হাঁসফাঁস অবস্থা মানুষের। তবে বুধবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের মানুষ যখন দাবদাহের মধ্যে সামান্য স্বস্তির অপেক্ষায়, তখন আশার বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরমের প্রকোপ থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না।

আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে বজ্রপাতের সতর্কতাও। পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।

বর্তমানে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে অনুভূত তাপমাত্রা বেড়ে ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও তারও বেশি পৌঁছে যাচ্ছে। এর জেরে প্রকৃত তাপমাত্রার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি চরমে উঠছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১২ জুন রাজ্যে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এখনও তা খুব বেশি সক্রিয় হয়নি। তাঁর মতে, এই মুহূর্তে এমন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়নি, যা দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে আগামী দু’তিন দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি। তিনি জানান, চলতি বছরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ২০ জুনের পর পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তখন বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে আপাতত বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের তুলনায় বজ্রপাতের ঘটনাই বেশি ঘটতে পারে।

দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তখন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভিজছে টানা বৃষ্টিতে। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না। আবহাওয়াবিদদের মতে, বর্ষা আরও সক্রিয় হতে কয়েকদিন সময় লাগতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সাময়িক স্বস্তি মিলতে পারে।


Share