Weather Update

উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে। সপ্তাহের শেষভাগে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতাতে আগামী কয়েক দিন পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:১৬

জুনের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির সূচনা হতে চলেছে। সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেটাই কম। তাই আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বিদর্ভ থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ছত্তীসগঢ় ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়বে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হয় বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পর্ব শুরু হতে পারে। ওই দিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার— এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে স্থানীয়ভাবে দু-একটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

কলকাতাতেও আগামী কয়েক দিন মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তেজ বাড়ায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

এ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য, পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে অগ্রসর হতে পারে। তবে কেরলে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক প্রবেশ নিয়ে এখনও ভারতের মৌসম ভবনের চূড়ান্ত ঘোষণা আসেনি।


Share