Weather Update

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা; ৮ অগাস্টে নতুন নিম্নচাপের সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবারও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৮ অগস্ট নাগাদ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস, যার প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়তে পারে।

শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ১১:৩৮

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ৮ অগাস্ট নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরে সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

শনিবার সকালে কলকাতার আকাশে রোদ-মেঘের খামখেয়ালিপনা। শহরের জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং মাঝেমধ্যে তীব্র রোদ ওঠায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

অন্য দিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। টানা বর্ষণের জেরে নীচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


Share