Weather Update

ফের রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি, বৃহস্পতিবার দক্ষিণে কমলা সতর্কতা! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায় জারি কমলা সতর্কতা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

পূজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই ফের রাজ্যে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। ওই দিন এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তার শনিবারের তুলনায় কিছুটা কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত পুরোপুরি স্বস্তি মিলছে না। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢোকার ফলেই রাজ্যে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।


Share