Weather Update

প্রথম দফার নির্বাচনের দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার দুই বিপরীত চিত্র, একদিকে গরম ও অস্বস্তি অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কেমন থাকবে গোটা দিনের চিত্র

কলকাতায় ইতিমধ্যেই  হাঁসফাঁস অবস্থা। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে প্রায় ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

গরমে হাঁসফাঁস অবস্থা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:০৭

দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, আর উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি। নির্বাচনের দিন রাজ্যের আবহাওয়ায় দুই বিপরীত ছবি। দক্ষিণবঙ্গে বৈশাখে একদিকে যেমন বাড়ছে রোদের তেজ তেমনই তাল মিলিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে প্রথম দফার ভোটের দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে, ভোটের দিন পশ্চিমের জেলাগুলি কার্যত জ্বলবে-পুড়বে। তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাতেও গরম এবং অস্বস্তি চরমে থাকবে। হাওয়া অফিস বলছে, ৪০ ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। যেখানে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তি চরমে উঠবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতে। সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেইসঙ্গে  বিকেল বা সন্ধ্যের দিকে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা,  বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

এই গরম এবং অস্বস্তি থাকবে ২৬ এপ্রিল রবিবার পর্যন্ত। ২৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তির সতর্কবার্তা রয়েছে। রবিবার গরম ও অস্বস্তির সতর্কবার্তা থাকবে শুধুমাত্র পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। গরম ও অস্বস্তির পর স্বস্তির বৃষ্টি মিলতে পারে ২৬ এপ্রিল। তার আগে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, ২৪ তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে। ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ গরমে নাজেহাল অবস্থা হলেও উত্তরবঙ্গে গরমের দাপট একদমই নেই, উল্টে রয়েছে মনোরম আবহাওয়া। অর্থাৎ প্রথম দফার ভোটে উত্তরবঙ্গে আবহাওয়া মনোরমই থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অনুমান করা হচ্ছে  শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপরের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে, গরমের দাপট তুলনায় কম হলেও বৃষ্টির দাপট বেশি থাকবে। হাওয়া অফিস বলছে, ২৫ এপ্রিলের পর থেকে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

কলকাতায় ইতিমধ্যেই  হাঁসফাঁস অবস্থা। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে প্রায় ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 


Share