Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বলছে আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর দফতর সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার। এ বছরে প্রথম বৃষ্টি হয়েছিল ২৪ ফেব্রুয়ারি। সে দিন শহরে ৬.৩ মিমি বৃষ্টি হয়েছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১০:৩৯

রবিবার থেকে আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছে এ রাজ্যে। তবে শনিবার থেকেই তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। ফাল্গুনের শেষে বাংলা ও ওড়িশার সীমানার আকাশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই দু'ইয়ের প্রভাবে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছিল মূল ভূখণ্ডে।

আলিপুর দফতর সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার। এ বছরে প্রথম বৃষ্টি হয়েছিল ২৪ ফেব্রুয়ারি। সে দিন শহরে ৬.৩ মিমি বৃষ্টি হয়েছিল। পরিমাণের নিরিখে বৃষ্টির পরিমাণ কম হলেও আবহাওয়ার দিক থেকে এই পরিস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এ বছর গরমে দেশের প্রায় সর্বত্রই গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পরিমাণও এ বছর কম থাকবে—এমনটাই আশঙ্কা। এমন পরিস্থিতিতে রবিবারের এই বৃষ্টি হয়তো তাপমাত্রা বৃদ্ধিতে সাময়িক ভাবে হলেও কিছুটা বাধা হয়ে দাঁড়াবে।

বুধবার পর্যন্ত বাংলার আবহাওয়া এমনটাই থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, পূর্বাভাস রয়েছে আগামী রবিবার নতুন করে আবার বৃষ্টির আবহ শুরু হবে। আবহবিদরা জানাচ্ছেন, আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। বজ্রবিদ্যুৎ–সহ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলোয় একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না—এমনটাই মনে করা হচ্ছে।

অন্য দিকে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আজ ও আগামিকাল আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোম থেকে বুধ পর্যন্ত সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী সাত দিন উত্তরবঙ্গেও সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না—এমনটাই মনে করা হচ্ছে।


Share