Weather Update

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার সম্ভবনা, শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ।কলকাতা-সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১১:৩২

টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর অবশেষে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে পূর্বাভাস। যদিও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে কলকাতার আকাশে কখনও মেঘ, কখনও আবার রোদের দেখা মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

অন্য দিকে, শনিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।


Share