Weather Update

ভোর থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১০:১৮

ভোর থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। কখনও টিপটিপ, আবার কখনও জোরে বৃষ্টি শহরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিনই এমন আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটি রাজস্থানের বিকানের থেকে বিহারের পটনা হয়ে উত্তরবঙ্গের মালদহ পেরিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দু'দিনও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। এ দিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


Share