Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবারও ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টা জুড়ে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ১১:৩৩

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ব্যাটিং অব্যাহত রয়েছে। সোমবার কলকাতা- সহ একাধিক জায়গায় বৃষ্টির দাপট ছিল। তার মধ্যেই মঙ্গলবারও দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনভর আকাশ মেঘলা থাকবে। তার পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। জারি করা হয়েছে লাল সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। সেই কারণে একাধিক জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় সোমবারের বৃষ্টিতেই একাধিক নিচু এলাকায় জল জমেছিল। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। ফলে জন চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অফিসের দিন হওয়ায় নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে পাহাড় ও সংলগ্ন এলাকায় অতিভারী বর্ষণের সম্ভাবনায় আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা যেমন রয়েছে, তেমনই নিচু এলাকায় জল জমে প্লাবনের পরিস্থিতিও তৈরি হতে পারে। সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share