Weather Update

অবশেষে গ্রীষ্মের তীব্র দহন জ্বালা থেকে মুক্তি! রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া

মঙ্গলের সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতার আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভবনা নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:৫৯

গ্রীষ্মের তীব্র দহনজ্বালা শেষে অবশেষে আবহাওয়ার মেজাজ বদল। বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এপ্রিলের বাকি দিনগুলিতে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির দাপট চলবে।

মঙ্গলের সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতার আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভবনা নেই। মোটের উপর বজায় থাকবে স্বস্তি। যার জেরে আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা কমতে পারে বেশ কয়েক ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দ্বিতীয় দফার নির্বাচনেও মোটের উপর মনোরম থাকবে আবহাওয়া। বেলার দিকে বজ্র-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ভোটের দিন নয়, আপাতত ভোটের পরেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ, মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এ ছাড়াও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বিশেষ সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।


Share