Weather Update

তীব্র দহন জ্বালা দক্ষিণবঙ্গে! একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সর্তকতা, শনিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে।

দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:১৪

তীব্র দহন জ্বালায় নাজেহাল রাজ্যবাসী। তার সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতাও। আবহাওয়া দফতর সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দরকারী কারণ ছাড়া বেরোতে বারণ করে দিয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। তাদের মতে, আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া উত্তপ্ত থাকবে। সকাল থেকেই তেড়েফুঁড়ে রোদ উঠেছে। বেলা বাড়তেই তাপপ্রবাহ দেখা যাবে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকার আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এই অংশে উষ্ণতা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও হাওয়া বদল হবে রবিবার থেকে। এই সময় একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। তবে তাতে গরম কমার খুব একটা সম্ভাবনা নেই। 

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আর কয়েক দিন বৃষ্টির পর ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। 

দক্ষিণবঙ্গে যেমন গরমে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে তেমনটি নয়। একই রাজ্যের দু'ই মেরু বিপরীত ভাবে অবস্থান করছে। শনিবার সেখানে বৃষ্টির আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষত, দার্জিলিং, মালদা এবং কোচবিহারে বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যতদূর খবর, ২৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ২৬ থেকে ২৭ এপ্রিল।


Share