Weather Update

ফের হাওয়া বদল! আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি, আপাতত বৃদ্ধি পাবে তাপমাত্রা

কলকাতায় রাতের তাপমাত্রা বাড়বে আগামী দু’দিনে। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও নীচে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:০৬

বুধবার হোলির দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে  দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি। রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই।

আগামী শনিবার আবহাওয়ার বদল হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মঙ্গল এবং বুধবারেও।

উত্তরবঙ্গে, বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিঙে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দু’দিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে।

কলকাতায় রাতের তাপমাত্রা বাড়বে আগামী দু’দিনে। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও নীচে।

বুধবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share