Weather Update

শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে দিন ও রাতের তাপমাত্রা, সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা

আজ কলকাতা, রবিবার, আংশিক মেঘলা আকাশ, ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় নিচে।

সকাল থেকেই মেঘলা আকাশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:১৪

শুক্রবার থেকে ঝড় এবং বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে নেমে গিয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি নীচে নেমেছে। আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি নিচে স্বাভাবিক তাপমাত্রার তুলনায়। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

আজ থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা নেই। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে ও ক্রমেই বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। স্থানীয় ভাবে তৈরি মেঘ থেকে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া আবহাওয়া দফতরের৷

উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ রবিবার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও।

কলকাতা আজ, রবিবার, আংশিক মেঘলা আকাশ, ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় নীচে রয়েছে।


Share