Weather Update

সপ্তাহ শেষে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা! হতে পারে শিলাবৃষ্টিও, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সপ্তাহান্তে কলকাতায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে শনিবার। কলকাতাতে আজ, বৃহস্পতিবার সকালে মেঘলা আকাশ পরে আংশিক ভাবে মেঘলা আকাশ।

সপ্তাহ শেষে ফের রাজ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:১৭

সপ্তাহ শেষে ফের রাজ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।  উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার, শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। বাকি জায়গায় মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির চলবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে।

৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগও বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা। এই দু’দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে।

কলকাতায় উইকেন্ডে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে শনিবার। কলকাতাতে আজ, বৃহস্পতিবার সকালে মেঘলা আকাশ পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত।

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share