Weather Update

ভোরের দিকে পারদ কিছুটা কমলেও সার্বিকভাবে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই, পশ্চিমী ঝঞ্ঝা বাড়িয়ে দিচ্ছে গরম

হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪

জানুয়ারি শেষ করে ফেব্রুয়ারিতে পড়েছে বছর। তার সঙ্গে শীত বিদায়ের উৎকণ্ঠাও বাড়ছে রাজ্যবাসীর। নতুন করে শীত পড়ার সম্ভাবনা যে একেবারেই নেই তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কার্যত এই হালকা ঠান্ডা ও হালকা গরম বসন্তকালের আবহাওয়া নিয়েই আপাতত শীতের আঁশ মেটাতে হবে রাজ্যবাসীকে। 

হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। এক-দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণবঙ্গে সোমবার তাপমাত্রা একটু কমেছে। আগামিকাল, মঙ্গলবার থেকে ফের চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ, বেলা বাড়লে কার্যত শীত উধাও হবে।

আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তাপমাত্রা সামান্য কমল, দক্ষিণবঙ্গে শীতের আমেজ একটু বাড়ল সকাল এবং সন্ধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে আজ, সোমবারও ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে। আগামিকাল, মঙ্গলবার থেকে ঘন কুয়াশার সম্ভাবনা কমবে।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share