Weather Update

রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আগমন! উষ্ণতা বাড়লেও আগামী সপ্তাহ থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা

উত্তর উত্তর প্রদেশ মধ্যাঞ্চল থেকে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্রিশগড় ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১০:৪৪

ক্যালেন্ডারের পাতায় মাঝ ফাল্গুন আগেই পেরিয়ে গিয়েছে। চৈত্র মাস ক্রমেই এগিয়ে আসছে। কিন্তু বাতাসের শুষ্কতা ঠিক একই রকম রয়েছে। শীতকালের মতই এখনও ত্বকে টান ধরছে। যে হারে তীব্র দাবদাহের কথা আশঙ্কা করা হয়েছিল তা এখনও অনুভব করা যায়নি। এরই মাঝে বৃষ্টি কড়া নাড়ছে। আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 

হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে উত্তর উত্তর প্রদেশ মধ্যাঞ্চল থেকে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তীসগঢ় ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। 

দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলে আপেক্ষিক আদ্রতা বৃদ্ধি পাবে। এই আদ্রতা ৫০ শতাংশেরও বেশি পৌঁছে যেতে পারে। যার ফলে আগামী সপ্তাহ সোমবার থেকে বৃষ্টিপাত হবে। ৮ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়া বইবে। বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এরপর ৯ ই মার্চ থেকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share