Weather Update

পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত গভীর নিম্নচাপ অক্ষরেখা! গতকালের মত আজও বৃষ্টির পূর্বাভাস, হতে পারে কালবৈশাখী ঝড়ও

জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে একই অবস্থা থাকবে। শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১১:৪৮

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে একই অবস্থা থাকবে। শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে সোমবার সকালে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেলায় দিকে মেঘলা আকাশের সম্ভাবনা। আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।

বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তার পরে ধীরে ধীরে কমবে বৃষ্টি। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মেঘলা আকাশের জন্য কলকাতা তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে। পাশাপাশি গতকাল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


Share