Beaten To Death

অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, আটক ব‍্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর

ঘটনায় তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আটক করেছে পুলিশ। এলাকার সিসি ক‍্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মৃতের নাম তুলসী অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, ব‍্যারাকপুর
  • শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৫

বাড়ির সামনে অবৈধ নির্মাণের বাধা দেওয়ায় বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। তার জেরেই মৃত্যু হল বৃদ্ধের। ব‍্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁকে আটক করেছে পুলিশ।

মৃত ব‍্যক্তির নাম তুলসী অধিকারী (৮১)। স্থানীয় সূত্রে খবর, নিজের বাড়ির পাশেই একটি আবাসন নির্মাণকে নিয়ে আপত্তি তুলেছিলেন তুলসি অধিকারী। বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে তিনি আপত্তি তোলেন। এমনকী, অবৈধ ভাবে নির্মাণে পরিচালনা করা হচ্ছে বলে, তিনি পুরসভায় অভিযোগ জমা দিয়েছিলেন। এ দিন সেই অভিযোগের ভিত্তিতেই সকালে পুরসভা ও ব্যারাকপুর থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

তুলসী অধিকারীর পুত্র হেমন্ত অধিকারী বলেন, “আমি কেন পুরসভায় অভিযোগ দায়ের করেছি, সেই ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমাকে নানা কটুকথা বলতে শুরু করেন। পুরসভার কাউন্সিলারর সঙ্গে হেমন্তের বচসার মাঝেই চলে আসেন তুলসী। কেন এরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সে ব্যাপারে জিজ্ঞাসা করতেই তাঁকে মারধর করা হয়।” হেমন্তের কথায়, তিনি বাবাকে সরিয়ে নিয়ে আসতে যাচ্ছিলেন, সেই সময়ে তৃণমূল কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর বাবাকে লাথি মারেন। সেই সময়ে আমার বাবা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।

গুরুতর অসুস্থ অবস্থায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়। তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আটক করেছে ব‍্যারাকপুর থানার পুলিশ। এলাকার সিসি ক‍্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় বিড়ম্বনায় পড়েছে শাসকদল। তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ছ’বছরের জন‍্য সাসপেন্ড করা হয়েছে।


Share