Governor of West Bengal

কালই কলকাতায় পা রাখছেন প্রাক্তন আইবির কর্তা আর এন রবি, পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ বৃহস্পতিবার

২০১৯ সালে রাষ্ট্রপতি আর এন রবিকে নাগাল‍্যান্ডের রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করে। ২০২১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলে ছিলেন। ওই বছেরেই ১৮ সেপ্টেম্বর পরে তাঁকে তামিলনাড়ুর রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি।

রাজ্যের নবনিযুক্ত রাজ্যপালের নাম আর এন রবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:৫৪

আগামীকালই রাজ্যে পা রাখতে চলেছেন নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গের ২২তম রাজ‍্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন। রাজ‍্যপাল পদ থেকে আচমকাই ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। এরপরেই সেই শূন্যস্থানে নিযুক্ত করা হয় প্রাক্তন সিবিআই এবং আইবি-র কর্তা আর এন রবিকে।

রাজভবন সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাবেন রবি। তিনি চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। আবার গতকালই দুপুরে বিদায়ী রাজ‍্যপাল সি ভি আনন্দ বোস ফিরে যাবেন বলেও জানা গিয়েছে। পরের দিন, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নিয়ম অনুযায়ী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। যদি প্রধান বিচারপতি না থাকেন তাহলে হাই কোর্টের প্রবীণ বিচারপতিকে দিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর থাকার কথা। সমস্ত খুঁটিনাটি বিষয় নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার সুনিশ্চিত করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজ‍্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। এর পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির নাম। কিছু ক্ষণেই সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা পোস্ট করে বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।”

উল্লেখ্য, আর এন রবি বিহারের পটনার জন্মগ্রহণ করেছিলেন। তিনি পদার্থবিদ‍্যায় স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। কয়েক বছর সাংবাদিকতার করেছেন। পরে ১৯৭৬ সালে ইউপিএসসি পাশ করে কেরল ক‍্যাডারে আইপিএস আধিকারিক হয়ে কাজে যোগ দেন। কেরল পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইয়ের কাজ করেছেন সেখানে দুর্নীতি দমন শাখায় একাধিক সংঘটিত অপরাধ, খনি মাফিয়াদের বিরুদ্ধে মামলার তদন্ত করেছেন।

পরে তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে যোগ দেন। সেখানে থাকাকালীন জম্মু ও কাশ্মীরের অশান্তি, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী জঙ্গি অধ‍্যুষিত এলাকা নিয়েও কাজ করেছেন। ২০১২ সালে তিনি দীর্ঘ কর্ম জীবন কাটিয়ে অবসর গ্রহণ করেন। ২০১৪ সালে কেন্দ্রে পালাবদলের পরে যুগ্ম ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হন। নাগাল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর পরে ২০২৮ সালে ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার।

২০১৯ সালে রাষ্ট্রপতি আর এন রবিকে নাগাল‍্যান্ডের রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করে। ২০২১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলে ছিলেন। ওই বছেরেই ১৮ সেপ্টেম্বর পরে তাঁকে তামিলনাড়ুর রাজ‍্যপাল হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি।

বিজেপি-বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা-চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০২৩ সাল থেকে রাজভবনে সেই চা-চক্র বয়কট করে চলেছে স্ট্যালিনের সরকার। কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সরকার। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তোলেন রাজ্যপাল রবি। সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ না-করেই ছাড়েন অধিবেশন। সেই তামিলনাড়ুর রাজ্যপালকে এ রাজ্যের দায়িত্ব সামলাতে হবে।


Share