C V Ananda Bose

রাজভবনে পালাবদল, রাজ্যের জনগণকে খোলা চিঠিতে বিদায় সিভি আনন্দ বোসের, আজই শহরে পা রাখছেন আর এন রবি

চিঠির শুরুতেই বঙ্গবাসীকে ‘প্রিয় ভাই ও বোন’ বলে সম্বোধন করেছেন আনন্দ বোস। তিনি লিখেছেন, কলকাতায় তাঁর দায়িত্বের অধ্যায় শেষ হলেও বাংলার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক কখনও শেষ হবে না। মহাত্মা গান্ধির একটি উক্তি স্মরণ করে তিনি উল্লেখ করেন, “মহাত্মা গান্ধি বলেছিলেন-আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।”

সি ভি আনন্দ বোস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৪:৩২

পশ্চিমবঙ্গের রাজভবনে শেষ হল এক অধ্যায়, শুরু হতে চলেছে নতুন পর্ব। নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি কলকাতায় পৌঁছনোর আগেই রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে বিদায় জানালেন সিভি আনন্দ বোস। নিজের রাজ্য কেরলে ফেরার আগে লেখা সেই চিঠিতে পশ্চিমবঙ্গকে তিনি তাঁর ‘দ্বিতীয় ঘর’ বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার রাজভবনে নতুন রাজ্যপালের শপথ গ্রহণের আগেই বোসের এই আবেগঘন বার্তা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার জন্ম দিয়েছে।

চিঠির শুরুতেই বঙ্গবাসীকে ‘প্রিয় ভাই ও বোন’ বলে সম্বোধন করেছেন আনন্দ বোস। তিনি লিখেছেন, কলকাতায় তাঁর দায়িত্বের অধ্যায় শেষ হলেও বাংলার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক কখনও শেষ হবে না। মহাত্মা গান্ধির একটি উক্তি স্মরণ করে তিনি উল্লেখ করেন, “মহাত্মা গান্ধি বলেছিলেন-আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।” একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছেন।

গত তিন বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আনন্দ বোস জানান, এই সময়ে তিনি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। গ্রামের খড়ের ছাউনি দেওয়া ঘরে বসে সাধারণ মানুষের সঙ্গে আহার করা থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো— প্রতিটি মুহূর্ত তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বাঙালি সমাজের চিন্তাধারা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর বিশ্বাস, পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে আরও উন্নতির শিখরে পৌঁছবে।

অন্যদিকে, আজই কলকাতায় পৌঁছচ্ছেন নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। সিভি আনন্দ বোসের বিদায় এবং আর এন রবির আগমনের এই সন্ধিক্ষণে রাজভবনে এখন পরিবর্তনের আবহ স্পষ্ট।

বিদায়বেলায় বোস জানিয়েছেন, তিনি যেখানেই থাকুন না কেন, বাংলার শান্তি ও সমৃদ্ধির জন্য সর্বদা প্রার্থনা করবেন। চিঠির শেষে ‘মা দুর্গা সকলের মঙ্গল করুন’ লিখে বাংলার প্রতি তাঁর গভীর ভালোবাসার কথাই আবারও তুলে ধরেছেন তিনি।


Share