Special Intensive Revision

এসআইআরে কোন ভোটারদের তথ্যগত অসঙ্গতি রয়েছে? তালিকা প্রকাশ‍ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠানো হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৩:২৮

রাজ‍্যে ভোটার তালিকা সংশোধন (এসআইআর)-এর প্রক্রিয়ায় কোন কোন ভোটারদের তথ‍্যগত অসঙ্গতি (লজিকাল ডিসক্রিপেন্সি) রয়েছে, তার তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, যাঁদের তথ‍্যগত অসঙ্গতি রয়েছে, তাঁদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। শুনানিতে যাদের কাছ থেকে নথি নেওয়া হবে তাকে রশিদও দিতে বলা হয়েছে।

কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠানো হচ্ছে। এই বিষয়ে তৃণমূল-সহ বাকি বিরোধী দলগুলি সরব হয়েছে। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তথ‍্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছিলেন। তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়।

সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ‍্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড অফিস এবং ব্লক অফিসের বাইরে তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। প্রতিটা ব্লকে আলাদা করে কাউন্টার খুলতে হবে। নির্বাচনী আধিকারিকেরা শুনানির জন‍্য ভোটারের কাছ থেকে নেওয়া নথির রশিদ করে দিতে হবে।

এ ছাড়াও, শুনানিকেন্দ্রে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। সেই মর্মে রাজ্য পুলিশকে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার শীর্ষ আদালত এ-ও জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কর্মী দিতে হবে। ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে তাঁরা ভোটারদের কথা শুনবেন। প্রতিটা জেলার জেলাশাসককে এই নির্দেশ কঠোর ভাবে পালন করতে হবে। কোনও ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। এই প্রতিনিধি বুথ স্তরের আধিকারিক (বিএলও) হতে পারে। ভোটারেরা নিজের আত্মীয় বা অন‍্য কাউকে দিয়েও নথি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের অনুমতির প্রয়োজন হবে। তাতে ভোটারের সাক্ষর বা আঙুলের ছাপ থাকতেই হবে।


Share