Maoist Killed

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ এক মাওবাদী জঙ্গি নেতা-সহ দুই

নিকেশ হওয়া এক মাওবাদী জঙ্গির নাম পাপা রাও ওরফে মঙ্গু (৫৭)। পুলিশ সূত্রের খবর, পাপা রাও আদতে তেলেঙ্গানার জাগতিয়ালের বাসিন্দা। পাপা রাও দন্ডকারণ‍্য বিশেষ জোনাল কমিটির সদস্য ছিল। এ ছাড়াও, মাওবাদী প্লাটুন কমিটিতে জঙ্গি কার্যকলাপ শেখানোর কাজ করত।

নিকেশ মাওবাদী জঙ্গি পাপা রাও।
নিজস্ব সংবাদদাতা, বিজাপুর
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:৫৪

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী জঙ্গি নেতা-সহ দুই জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। সিআরপিএফ, ডিআরজি এবং কোব্রা ইউনিট যৌথ অভিযান চালায়। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজাপুরের উওর-পশ্চিমে মালকানগিরির গভীর জঙ্গলে অভিযান চালায় সিআরপিএফ। মাওবাদী জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পেয়ে সেখান যান তাঁরা। এলাকাটিকে ঘিরে নেয়। এর এক পর্যায়ে আচমকাই গুলির লড়াই শুরু হয়ে যায়। পাল্টা গুলি চালায় সিআরপিএফ, কোব্রা এবং ডিআরজি। সেই গুলিতে এক মাওবাদী জঙ্গি নেতা-সহ দু’জন নিকেশ হয়েছে।

নিকেশ হওয়া এক মাওবাদী জঙ্গির নাম পাপা রাও ওরফে মঙ্গু (৫৭)। পুলিশ সূত্রের খবর, পাপা রাও আদতে তেলেঙ্গানার জাগতিয়ালের বাসিন্দা। পাপা রাও দন্ডকারণ‍্য বিশেষ জোনাল কমিটির সদস্য ছিল। এ ছাড়াও, মাওবাদী প্লাটুন কমিটিতে জঙ্গি কার্যকলাপ শেখানোর কাজ করত। ২০ বছর ধরে বস্তার এলাকায় সক্রিয় ছিল পাপা রাও ওরফে মঙ্গু। ২০১০ সালে সিআরপিএফের কনভয়ে হামলা ঘটনার অন্যতম অভিযুক্ত এই পাপা রাও। তবে গত বছরে নিরাপত্তা বাহিনীর হাতে পাপা রাওয়ের স্ত্রী উর্মিলা গ্রেফতার হয়। কিন্তু পাপা পালিয়ে যেতে সক্ষম হয়। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। তাকে নিকেশ করা হয়েছে।

বাকি আরেক জন মাওবাদী জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তাকে শনাক্ত করার কাজ শুরু করেছে। আরও কেউ সেখানে লুকিয়ে রয়েছে কি না তা নিশ্চিত করার কাজ চলছে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে সুকমা এবং বিজাপুরে দুটি পৃথক ঘটনায় ১৪ জন মাওবাদী জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জনের মতো মাওবাদী জঙ্গি বন্দুক ছেড়ে সরকারের কাজে খুশি হয়ে মূল স্রোতে ফিরে এসেছেন। ২০২৫ সালে ২৮৫ জন মাওবাদী জঙ্গিকে নিরাপত্তা বাহিনী নিকেশ করেছে। ৩১ মার্চের মধ্যে মাওবাদকে দেশ থেকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় সরকার। 


Share