Delhi Police

আন্তর্জাতিক মাদক পাচার চক্রে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’ তিলক ভার্মা, সিকিম থেকে গ্রেফতার দিল্লি পুলিশের স্পেশাল সেলের

আন্তর্জাতিক মাদক পাচার চক্রে বড় সাফল্য দিল্লি পুলিশের। সিকিম থেকে গ্রেপ্তার তিলক প্রসাদ ভার্মা। উদ্ধার বিপুল কোকেন, মেফিড্রোন ও থাই মারিজুয়ানা। তদন্তে ধৃত ১৭ জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সিকিম
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০২:০৮

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে নেমে বড় সাফল্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের। সিকিম থেকে ওই চক্রের অন্যতম মাথা তিলক প্রসাদ ভার্মা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিলকের বাড়ি সিকিমের ইস্ট পেন্ডাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাই কোর্টের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ থাই মারিজুয়ানা, মেফিড্রোন ও কোকেন উদ্ধার হয়েছে। ২০২৪ সালের একটি এফআইআর-এর সূত্র ধরে দিল্লি পুলিশের স্পেশাল সেল দীর্ঘদিন ধরেই তিলকের খোঁজে ছিল। তদন্তে উঠে এসেছে, ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পাকিস্তান, মালয়েশিয়া, ব্রিটেন, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহিতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল সে। পুলিশ জানিয়েছে, এই মামলায় মোট এক হাজার ২৭০ কিলোগ্রাম কোকেন ও মেফিড্রোন এবং প্রায় ৪০ কিলোগ্রাম থাই মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অমিত কৌশিক জানান, আন্তর্জাতিক এই মাদক পাচার চক্রের তদন্তে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিকিম থেকে ধৃত তিলকের বিরুদ্ধে অভিযোগ, সে থাইল্যান্ড থেকে সুটকেসে করে মারিজুয়ানা ভারতে নিয়ে আসত। গত অক্টোবরের শুরুতে এই চক্রের এক সদস্য গ্রেফতার হওয়ার পর থেকেই পুলিশের নজর এড়াতে নেপাল হয়ে যাতায়াত শুরু করে তিলক। এর আগেও নেপালে কাস্টমসের হাতে মারিজুয়ানা পাচারের সময় ধরা পড়ে সে এবং কিছুদিন কাঠমান্ডুর জেলেও বন্দি ছিল। পরে মুক্তি পেয়ে ফের মাদক কারবারে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস টেন পর্যন্ত পড়াশোনার পর আইটিআই কোর্স করেছিল তিলক। পরে একটি ফার্মাসিউটিক্যাল সংস্থায় মেশিন অপারেটর হিসেবে কাজ করে। ভালো চাকরির আশায় কয়েক বছর আগে দুবাইতে গেলেও সেখানেই এই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা চলছে। এই চক্রের মূল মাথা হিসেবে চিহ্নিত বীরেন্দ্র বাসোয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই রেড নোটিস জারি করেছে দিল্লি পুলিশ। 


Share