Operation Trashi-I

জম্মু ও কাশ্মীরের গভীর জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, জখম তিন জওয়ান, পাঠানো হল আরও বাহিনী

জঙ্গিদের ছোড়া গ্রেনেডের স্পিনটার লেগে তিন জন সেনাবাহিনীর জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁদের এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০১:০১

উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সকাল থেকেই কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। তিন জন জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে। দুই-তিন জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চলছে। জখম জওয়ানদের এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরও বাহিনী সেখানে পাঠানো হয়েছে। ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমনের ‘অপারেশন ত্রাসি’ চলছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার ছত্রুর গভীর জঙ্গলে দুই-তিন জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে সেনার হোয়াইট নাইটস কর্পসের জওয়ানেরা। ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গিদের আস্তানার খোঁজ শুরু করে। সেই সময় একটি দল জঙ্গিদের মুখোমুখি হয়। সেখানে দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে ছিল। সূত্রের খবর, তারা পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন জৈইশ-ই-মহম্মদের সদস্য। জওয়ানদের দেখেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এমনকী, গ্রেনেডও ছোড়া হয়। পাল্টা জবাব দিয়েছে সেনাও। জানা গিয়েছে, এখনও দফায় দফার গুলির লড়াই চলছে।

জঙ্গিদের ছোড়া গ্রেনেডের স্পিনটার লেগে তিন জন সেনাবাহিনীর জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁদের এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ইসলামিক জঙ্গিদের নিকেশ করতে আরও বাহিনী সেখানে পাঠানো হয়েছে। সেখানে সিআরপিএফ এবং পুলিশের বিশেষ দল সেখানে গিয়েছে। তারা গোটা এলাকাটি ঘিরে রেখেছে। জঙ্গিদের খুঁজে বার করতে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। স্নিফার ডগ ঘটনাস্থলে এসে পৌঁছেছে।


Share