Maoist Operations

মাওবাদী জঙ্গিদের পুঁতে রাখা আইইডিতে বিস্ফোরণ! ছত্তীসগঢ়ের ঘটনায় জখম ১১ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান

পুলিশ জানিয়েছিল, সেই অভিযানে একে-৪৭ সমেত ৩৫টি স্বয়ংক্রিয় রাইফেল, ৪৫০টি আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, চিকিৎসার সরঞ্জাম, মাওবাদী জঙ্গিদের আদর্শবাদের বই উদ্ধার করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রায়পুর
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০২:২৮

ছত্তীসগঢ়ে মাওবাদী জঙ্গিদের পুঁতে রাখা আইইডিতে বিস্ফোরণ। ঘটনায় জখম ১১ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জখম জওয়ানদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের সকালে বিজাপুরের কারাগোট্টা পর্বতের জঙ্গলে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেখানে মাওবাদী জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা অভিযান চালায়। সেই সময় জঙ্গলে কোনও এক জায়গায় মাওবাদী জঙ্গিদের পুঁতে রাখা আইইডি থেকে জোরালো বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রের খবর, সেখানে ছ’টি আইইডি পর পর বিস্ফোরণ হয়। এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছেন তাঁরা।

ঘটনায় জখম হয়েছে ১১ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান। তাদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর। জখম জওয়ানদের মধ্যে ১০ জন রাজ‍্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি-র। বাকি একজন সিআরপিএফের কোব্রা-র ২১০ ব‍্যাটালিয়নের জওয়ান। তাঁর নাম রুদ্রেশ সিংহ। তিনি এবং এক ডিআরজির জওয়ানের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তিন জন ডিআরজি-র জওয়ানের চোখে স্পিন্টার ঢুকে গিয়েছে। জখমদের সেখান থেকে উদ্ধার করে রায়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।

উল্লেখ্য, কারাগোট্টা পর্বতের জঙ্গলকে মাওবাদী জঙ্গিদের সুরক্ষিত জায়গায় বলে চিহ্নিত করা হয়। গত বছরের নভেম্বরে মাসে কারাগোট্টার উশুর থানার এলাকায় তাদপালা গ্রামে নিরাপত্তা বাহিনী শিবির খুলেছে। সেই বছরের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা ২১ দিন মাওবাদী জঙ্গি দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে ৩১ জন মাওবাদী জঙ্গিকে।

পুলিশ জানিয়েছিল, সেই অভিযানে একে-৪৭ সমেত ৩৫টি স্বয়ংক্রিয় রাইফেল, ৪৫০টি আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, চিকিৎসার সরঞ্জাম, মাওবাদী জঙ্গিদের আদর্শবাদের বই উদ্ধার করা হয়।


Share