Toxic Water Tragedy

পানীয় জলের পাইপলাইনে দূষণ, ইন্দোরে প্রাণ গেল তিন জনের, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দূষিত জল পান করে মধ্যপ্রদেশের ইন্দোরে তিন জনের মৃত্যু, অসুস্থ শতাধিক। পানীয় জলের পাইপলাইনে ছিদ্র দিয়ে দূষণ ঢোকার আশঙ্কা। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে, তদন্তের দাবি তুলেছে বিরোধী দল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ইন্দোর
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০১:০৫

দূষিত জল পান করে মধ্যপ্রদেশের ইন্দোরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একশোরও বেশি মানুষ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি মৃতদের পরিবারকে দু'লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং অসুস্থদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন। মৃতদের নাম নন্দলাল পাল (৭০), উর্মিলা যাদব (৬০) ও তারা কোরি (৬৫)।

ইন্দোর পুরসভার কমিশনার দিলীপকুমার যাদব জানিয়েছেন, ভাগীরথপুরা এলাকায় পানীয় জল সরবরাহের পাইপলাইনে একটি ছিদ্র ধরা পড়েছে। ওই স্থানের কাছেই একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। সেই ছিদ্র দিয়েই দূষিত জল পাইপলাইনে ঢুকে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোরের মেয়র পি ভার্গব বলেন, পানীয় জল সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে গাফিলতির জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি পুরসভার তরফে স্থানীয় বাসিন্দাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২৫ ডিসেম্বর থেকেই সরবরাহ করা জলে অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি তাঁদের। মৃত নন্দলাল পালের ছেলে সিদ্ধার্থ জানান, দূষিত জল পান করার পর তাঁর বাবার ডায়রিয়া শুরু হয়। ২৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্য এক মৃতের আত্মীয় বলেন, হঠাৎ বমি ও ডায়রিয়া শুরু হওয়ার পর পরিস্থিতি এত দ্রুত খারাপ হয়ে যায় যে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর বোনের মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি বলেন, ‘যদি নর্দমা বা শৌচালয়ের জল পানীয় জলের পাইপলাইনে মিশে যায়, তা হলে মানুষ বমি, ডায়েরিয়া এবং জন্ডিসে আক্রান্ত হতে পারে, কিন্তু এতে তাঁদের মৃত্যু হয় না। মনে হচ্ছে, পানীয় জলের পাইপলাইনে কোনও বিষাক্ত পদার্থ মিশেছিল এবং এর তদন্ত হওয়া প্রয়োজন।’


Share