Narendra Modi

আমেরিকার শুল্ক চাপের মাঝেই ইইউ-এর সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, ‘মাদার অফ অল ডিলস’ বলে ঘোষণা মোদীর

মোদীর দাবি, এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারত-ইউকে বাণিজ্য চুক্তির পরিপূরক হিসেবে কাজ করবে এবং দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। তাঁর মতে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল এই চুক্তি। বিশেষ করে ভারতের টেক্সটাইল, রত্ন ও গয়না এবং চামড়া শিল্পের ক্ষেত্রে এর সুফল মিলবে।

উরসুলা ফন ডার লায়েন ও নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:৫৬

আমেরিকার শুল্ক সংক্রান্ত চাপের আবহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউই-র শীর্ষ নেতাদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। নয়াদিল্লির ভাষায়, এই চুক্তিই ‘মাদার অফ অল ডিলস’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, এই চুক্তির মাধ্যমে ভারতের ১.৪ বিলিয়ন মানুষ এবং ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য এক নতুন সুযোগের দরজা খুলে গেল। মঙ্গলবার সকালে গোয়ায় ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েই তিনি এই চুক্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে লেনদেন হবে, তা বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

মোদীর দাবি, এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারত-ইউকে বাণিজ্য চুক্তির পরিপূরক হিসেবে কাজ করবে এবং দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। তাঁর মতে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হল এই চুক্তি। বিশেষ করে ভারতের টেক্সটাইল, রত্ন ও গয়না এবং চামড়া শিল্পের ক্ষেত্রে এর সুফল মিলবে।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, চুক্তিতে মোট ২৪টি অধ্যায় রয়েছে। পণ্য, পরিষেবা ও বিনিয়োগের পাশাপাশি এতে বিনিয়োগ সুরক্ষা এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তির ফলে ভারতের রপ্তানিতে বড় সুবিধা হবে বলে মনে করছে সরকার।

বর্তমানে ইউরোপে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যে গড়ে ৩.৮ শতাংশ শুল্ক দিতে হয়, যা কিছু ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত পৌঁছয়। অন্যদিকে, ইউরোপীয় পণ্যের উপর ভারত গড়ে ৯.৩ শতাংশ শুল্ক আরোপ করে। নতুন চুক্তির ফলে উভয় পক্ষের ৯০ শতাংশের বেশি পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো বা পুরোপুরি তুলে নেওয়া হবে। এর ফলে ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্র, রাসায়নিক, রত্ন ও গয়না, বৈদ্যুতিক যন্ত্রপাতি, চামড়ার সামগ্রী ও জুতো আরও কম শুল্কে বিক্রি করা সম্ভব হবে।


Share