Political Chaos

মালতিপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে, রহিমের ‘বিশ্বাসঘাতক’ তোপে পাল্টা মৌসমের ‘ক্ষমতালোভী’ আক্রমণ

তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সী কংগ্রেস প্রার্থী মৌসম নূরকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তিনি তাঁর মামা বরকত গনি খান চৌধুরি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনের সঙ্গেই ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

আব্দুর রহিম বক্সী
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩৫

মালতিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জনসভা থেকে একে অপরকে আক্রমণ করছেন প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সী কংগ্রেস প্রার্থী মৌসম নূরকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তিনি তাঁর মামা বরকত গনি খান চৌধুরি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনের সঙ্গেই ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

শনিবার খেমপুর অঞ্চলের পরানপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সী দাবি করেন, মৌসম নূর যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন, তখনই তিনি তাঁর মামার আদর্শের সঙ্গে বেইমানি করেছিলেন। তাঁর অভিযোগ, পরবর্তীতে তৃণমূল তাঁকে লোকসভা ও রাজ্যসভায় সুযোগ দিলেও তিনি সেই আস্থার মূল্য দেননি এবং আবার কংগ্রেসে ফিরে গিয়ে তৃণমূলের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। এমনকি, রাজ্যসভার সাংসদ থাকাকালীন প্রাপ্ত অর্থের হিসেবও জনতার সামনে তুলে ধরার দাবি জানান তিনি।

এর জবাবে মৌসম নূর পাল্টা কটাক্ষ করে বলেন, আব্দুর রহিম বক্সী নিজেও একসময় আরএসপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “আমি তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে এসেছি। উনি যদি সাহসী হন, তবে তৃণমূল ছেড়ে আবার আরএসপিতে ফিরে যান।” তিনি আরও অভিযোগ করেন, রহিম বক্সী ক্ষমতালোভী বলেই দল পরিবর্তনের সাহস দেখাতে পারবেন না।


Share