Election Commission

ভোটের মুখে কড়া নির্বাচন কমিশন, এআই-ভিত্তিক ভুয়ো কনটেন্টে রাশ টানতে ৩ ঘণ্টার ডেডলাইন, ১১ হাজার পোস্টে আইনি পদক্ষেপ

রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১১ হাজারের বেশি আপত্তিকর পোস্ট শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৯:০৪

ভোটের আবহে সমাজমাধ্যমের অপব্যবহার কোনওভাবেই সহ্য করা হবে না, এ কথা স্পষ্ট করে জানাল নির্বাচন কমিশন। বিশেষ করে বিভ্রান্তিকর এআই-নির্মিত কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইন ও আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১১ হাজারের বেশি আপত্তিকর পোস্ট শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, এআই ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর বা বেআইনি কনটেন্ট সমাজমাধ্যমে ছড়ালে, তা তিন ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, কোনও রাজনৈতিক দল, প্রার্থী বা প্রচার সংস্থা এআই-নির্মিত কনটেন্ট ব্যবহার করলে সেখানে স্পষ্টভাবে ‘এআই জেনারেটেড’ বলে উল্লেখ করতে হবে।

এছাড়া কমিশন মনে করিয়ে দিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নম্বর ধারা অনুযায়ী ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা টেলিভিশন, রেডিয়ো বা সমাজমাধ্যমে কোনও ধরনের প্রচার চালানো আইনত দণ্ডনীয়। কোনও নাগরিক, রাজনৈতিক দল বা প্রার্থী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে জানাতে পারেন। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কমিশনের পোর্টালে মোট ৩ লক্ষ ২৩ হাজার ৯৯টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৯৬.০১ শতাংশ অভিযোগের নিষ্পত্তি হয়েছে ১০০ মিনিটের মধ্যেই।


Share