ED Raid

ভোর থেকে ম‍্যারাথন জিজ্ঞাসাবাদ, নির্মাণ ব‍্যাবসায়ী জয় কামদারকে আটক করে সিজিও কমপ্লেক্সে আনল ইডি

ভোরবেলা সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বেরিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তার মধ্যে একটি দল পৌঁছয় বেহালায় জয় কামদারের বাড়িতে। অভিযোগ, সেখানে গিয়ে প্রথমে বাড়ির দরজা না খোলায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আধিকারিকদের।

জয় কামদার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০৩:১৯

রবিবার সকাল থেকে ম‍্যারাথন জিজ্ঞাসাবাদের পরে জয় কামদারকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে। চার ঘন্টার বেশি সময় তাঁর বাড়িতে ইডির আধিকারীকেরা।

ইডি সূত্রের খবর, জাল নথি বানিয়ে জমি কেনাবেচা হয়েছে। প্রকল্প তৈরির নামে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। সেই টাকা হাওয়ালার মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইডির অনুমান, কালো টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই সূত্র ধরেই তদন্তে নেমে জয় কামদারের বাড়ি থেকে এক কোটি ২০ টাকা নগদ উদ্ধার হয়। এত টাকা কী কাজের জন‍্য বাড়িতে এনে রাখা হয়েছিল তা তিনি ইডিকে জানাতে পারেননি। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেখানেও তিনি জাননি। এর পর রবিবার সকালে তাঁর বেহালার বাড়িতে ইডির আধিকারিকেরা অভিযান চালান। তাঁকে আটক করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

ভোরবেলা সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বেরিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তার মধ্যে একটি দল পৌঁছোয় বেহালায় সান এন্টারপ্রাইজের মালিক জয় কামদারের বাড়িতে। অভিযোগ, সেখানে গিয়ে প্রথমে বাড়ির দরজা না খোলায় প্রায় ৪০ অপেক্ষা করতে হয় আধিকারিকদের। বারবার ডাকাডাকির পর দরজা খোলা হলে তারা ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।

সম্প্রতি কসবার তৃণমূল কর্মী বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনাপাপ্পু’-র বাড়িতে তল্লাশির সূত্র ধরেই জয়ের নাম সামনে আসে। সেই সূত্র ধরেই সকাল থেকে কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। তিনি বহুদিন কালীঘাট থানার ওসি ছিলেন। পরে ডেপুটি কমিশনার হন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বার অভিযোগ শান্তনুর বিরুদ্ধে অভিযোগ করেছেন।


Share