Supreme Court

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? ট্রাইবুনালের কাজ নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্য কান্ত, হাই কোর্টের কাছে রিপোর্ট তলব

সোমবার এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর দাবি, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অ্যাপিলেট ট্রাইবুনাল কাজ করছে না।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০২:৪০

সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে না এই অভিযোগ তুলে ফের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগ, ট্রাইবুনালে আইনজীবী বা আবেদনকারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বরং আবেদনগুলি কম্পিউটারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। বিষয়টি শুনে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানান, এ বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।

সোমবার এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর দাবি, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অ্যাপিলেট ট্রাইবুনাল কাজ করছে না। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের সামনে তিনি বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে প্রায়ই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমরা নির্দেশ জারি করেছি। তা সত্ত্বেও কেন প্রায় প্রতি দিন আদালতে নতুন নতুন আবেদন করা হচ্ছে?’’

বলেন, ‘‘বার বার দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে, কারণ, আপনাদের নির্দেশ মতো কাজ হচ্ছে না। ট্রাইবুনাল আবেদনগুলি কম্পিউটারে বিবেচনা করছে।’’ এর পরেই প্রধান বিচারপতি জানান, এ বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বক্তব্য জানতে চাইবেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত তথ্যগত অসঙ্গতি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাই কোর্ট-কে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা হয় এবং প্রায় ৬০ লক্ষাধিক নামের নিষ্পত্তিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইবুনালে পুনরায় আবেদন করেছেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটগ্রহণের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যাঁদের অনুমোদন দেবে, তাঁরাও ভোট দিতে পারবেন। যদিও অভিযোগ, এখনও ট্রাইবুনালের কাজ সঠিকভাবে শুরু হয়নি এবং নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে না।


Share