Assembly Election

আসানসোলের বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রা পালের

তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আবহে ইস্যু তৈরি করতেই বিজেপি এই ধরনের অভিযোগ তুলছে।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১০:০৮

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ ছিল। বিভিন্ন জেলায় টানটান উত্তেজনার ছবি ধরা পড়েছে। এরই মধ্যে আসানসোলের রহমতনগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি পরোক্ষভাবে তৃণমূলের বিরুদ্ধে আঙুল উঠিয়েছেন।

বৃহস্পতিবার সকালে অগ্নিমিত্রা এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। যদিও এই ঘটনায় কারা জড়িত, তা স্পষ্ট নয়। হীরাপুর থানায় তিনি মৌখিক অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, “যাঁরা চান না আমি এখানে আসি, তাঁরাই এই হামলা করেছেন। তবে গাড়ির কাচ ভেঙে কোনও লাভ হবে না।”

এদিন আসানসোল দক্ষিণের এই প্রার্থী সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। একাধিক জায়গায় বচসাতেও জড়ান। ধামরাই এলাকায় বেশি গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বিবাদ তৈরি হয় বলেও জানা গিয়েছে।

 ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রার অভিযোগ, বিরোধীরা ভয়ে এই ধরনের কাজ করছে। তাঁর কথায়, সাধারণ মানুষ পরিবর্তন ও পরিষেবা চাইছে। ধর্মের রাজনীতি নয়। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আবহে ইস্যু তৈরি করতেই বিজেপি এই ধরনের অভিযোগ তুলছে।


Share