Traffic Control

মোদীর সফরে কলকাতায় কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ! শনিবার বিকেল থেকেই একাধিক রাস্তা বন্ধ, জারি বিশেষ বিধিনিষেধ

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৩:২৪

নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে শনিবার বিকেল থেকে কলকাতা শহরে কড়া যানবাহন নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। শনিবার পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তারকেশ্বরে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছোবেন। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেই কারণেই নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। তবে এলপিজি, সিএনজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, অক্সিজেন, শাকসবজি, ফল, মাছ, দুধ ও ওষুধবাহী যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। অন্যান্য মালবাহী গাড়িকে নির্দিষ্ট বিকল্প রুট ব্যবহার করতে হবে। একই ধরনের নিয়ন্ত্রণ শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্তও বহাল থাকবে। এ সময় সাধারণ যানবাহনের চলাচল এবং পার্কিংয়েও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।

এ ছাড়া, শনিবার বিকেল পাঁচটা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিক থেকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময়ে কোনও যানবাহনকে ওই পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর সফর এবং রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফে এই বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নাগরিকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share