Calcutta High Court

যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক নয়! হাই কোর্টে বড় স্বস্তি রাজ্যের সরকারি কর্মীদের, অনুপস্থিত থাকলেও হবে না কোনও শাস্তি

গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে হবে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা হাই কোর্ট।
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৪:২৭

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় বলে কলকাতা হাই কোর্টে স্পষ্ট জানাল রাজ্য সরকার। শুক্রবার আদালতে রাজ্যের তরফে জানানো হয়, ২১ জুনের যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য, গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্থানীয় সংস্থার কর্মীদেরও ওই কর্মসূচিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

এই নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করে বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ রাজ্যকে নির্দেশ দেন, এমন নির্দেশিকা জারি করার আইনগত ক্ষমতা সরকারের রয়েছে কি না, সে বিষয়ে হলফনামা জমা দিতে। তারই প্রেক্ষিতে শুক্রবার আদালতে রাজ্য স্পষ্ট জানায়, যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক নয় এবং অনুপস্থিতির জন্য কোনও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিকে ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে প্রশাসনের। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি রেড রোড ও সংলগ্ন এলাকায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই অনুষ্ঠান ঘিরে দায়ের হওয়া মামলায় হাই কোর্ট রাজ্যের প্রস্তুতিতে হস্তক্ষেপ করেনি। কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও দেওয়া হয়নি। তবে সাধারণ মানুষের সুবিধার্থে বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

প্রশাসন সূত্রে খবর, বর্ষার সময় শহরের বিভিন্ন মাঠ কর্দমাক্ত হয়ে পড়ার আশঙ্কা থাকায় রেড রোডকেই মূল অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৮ হাজার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচির মাধ্যমে কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণের আশা করছে প্রশাসন।

রেড রোডের মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ছ'টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। তার কিছু পরেই শুরু হবে যোগ দিবসের মূল কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


Share